সারা দেশ

পোশাক খাতে অস্থিরতায় সীমান্তের ওপারের ইন্ধন রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনে নিরীহ শ্রমিকদের ব্যবহার করে সীমান্তের ওপার থেকে ইন্ধন জোগানো হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে আন্দোলনে অনুপ্রবেশকারী মুখোশধারী ও সহিংসতাকারীদের কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, আন্দোলনের নামে পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া, কারখানা ও পাটের গুদামে আগুন দেওয়া এবং ভাঙচুরের ঘটনা সহিংসতার বহিঃপ্রকাশ। আন্দোলনের বিভিন্ন পর্যায়ে মুখোশধারীরা ঢুকে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে থাকা তথ্য বিশ্লেষণ করে দেখেছি, নিরীহ গার্মেন্ট শ্রমিকদের ব্যবহার করে অনেকেই সীমান্তের ওপার থেকে ইন্ধন জোগাচ্ছে। যাতে দেশে অস্থিরতা সৃষ্টি হয় এবং আমাদের রপ্তানি বাণিজ্য ও উৎপাদন ব্যাহত হয়। আমরা অত্যন্ত কঠোরভাবে এসব কর্মকাণ্ড মোকাবিলা করব।’ ইতোমধ্যে সহিংস কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে বলেও জানান তিনি।

শ্রমিকদের জীবনমান উন্নয়নের বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিয়েছেন। তার দাবি, সহিংস আন্দোলনের সঙ্গে প্রকৃত শ্রমিক বা শ্রমিক সংগঠন জড়িত নয়। শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। আলোচনা ও সমঝোতার মাধ্যমে মজুরি নির্ধারণ করা হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শ্রম মন্ত্রণালয় ও মজুরি বোর্ডকে শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং জীবনমান উন্নয়নে কাজ করার পরামর্শ দিয়েছেন।

কারখানা মালিকদের প্রতি উৎপাদন অব্যাহত রাখার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে মজুরি নির্ধারণ করা উচিত। আতঙ্কিত হয়ে হঠাৎ কারখানা বন্ধ করে রপ্তানি খাতে সংকট তৈরি না করার জন্য মালিকদের প্রতি অনুরোধ জানান তিনি।

বাংলাদেশের পোশাকশিল্পের বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে সালাহউদ্দিন আহমদ বলেন, এ অবদান সবাই স্বীকার করেন। সরকার পোশাকশিল্পের আরও উন্নতি, রপ্তানি খাতের সমৃদ্ধি এবং শ্রমিকদের কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করতে চায়। বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও রপ্তানি কেউ রুখতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

ক্যাটাগরি