একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মুক্তিযুদ্ধই বাংলাদেশের রাষ্ট্রীয় ও রাজনৈতিক ভিত্তি। ১৯৭১ সালকে বাদ দিলে দেশের অস্তিত্বই থাকবে না। তিনি জোর দিয়ে বলেন, একাত্তরের স্বাধীনতাবিরোধী শক্তি যেন আর কখনো বাংলাদেশে রাজনৈতিকভাবে ক্ষমতাসীন হতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বাম দলগুলোর সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উভয় পক্ষের মধ্যে মতবিনিময় হয়।

তারেক রহমান বলেন, সাম্প্রতিক অভ্যুত্থানের পর দেশে যে নতুন বাস্তবতা ও সম্ভাবনার সৃষ্টি হয়েছে, তা কাজে লাগাতে হবে। সরকার ও বিরোধী দলসহ সবাইকে একসঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

বৈঠকে উপস্থিত বাম নেতারা বলেন, বিভিন্ন বিষয়ে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পারস্পরিক সহনশীলতা বজায় রাখা জরুরি। তারা মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করার আহ্বান জানান।

এ সময় গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তারেক রহমান একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন নিশ্চিত করার ওপর জোর দেন।


Posted

in

by

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *