কক্সবাজার জেলা ঈদগাঁও উপজেলা, ঈদগাঁও ইউনিয়নের কালির ছড়া পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে ১০টি অবৈধ চোরাই গরু জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ‘২৪ বীর’ ব্যাটালিয়ন।
বর্তমানে জব্দকৃত গরু আইনগত প্রক্রিয়া শেষে ৩০ বিজিবি-এর কাছে হস্তান্তর করা হয়েছে।
অভিযান সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৭ জানুয়ারি) সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে গরু পাচার হয়ে আসার গোপন খবরে ২৪ বীর-এর একটি চৌকস দল কালির ছড়া পাহাড়ি এলাকায় অবস্থান নেয়। এসময় গরু গুলো নিয়ে আসার সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে গরু রেখে পালিয়ে যায় পাচারকারী চক্রটি।

অভিযানে জব্দকৃত গরু বর্তমানে ঈদগাঁও উপজেলার, ইসলামাবাদ রেলওয়ে স্টেশন আর্মি ক্যাম্পে রাখা হয়েছে।
সেখান থেকেই বিজিবি-৩০ ব্যাটালিয়নের কাছে আনুষ্ঠানিক হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
স্থানীয়রা জানান, দুর্গম পাহাড়ি পথ ব্যবহার করে একটি চক্র দীর্ঘদিন ধরে সীমান্ত দিয়ে অবৈধ মালামাল ও গরু পাচার করে আসছিল। ২৪ বীর-এর এই সফল অভিযানে পাচারকারী চক্রের বড় একটি চালান ভেস্তে গেল।
বিষয়টি নিশ্চিত করে ইসলামাবাদ সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার জানান, সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান রোধে তাদের এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত গরু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply