বাংলাদেশ জাতীয় দলে সাকিব আল হাসানের ফেরার ব্যাপারে নতুন করে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের লক্ষ্য, আগামী মার্চে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের প্রত্যাবর্তন নিশ্চিত করা।
২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে দেশে ফেরেননি সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলতে আগ্রহ প্রকাশ করলেও বিভিন্ন পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। এরপর পাকিস্তান ও ভারত সফরেও জাতীয় দলের হয়ে আর মাঠে নামা হয়নি তার। এ সময়ের মধ্যে সাকিবের অবসর পরিকল্পনাও বাস্তবায়িত হয়নি।
বিসিবি সূত্র জানায়, এখনই সাকিবকে বিদায়ী সিরিজ দেওয়ার চিন্তা করছে না বোর্ড। বরং তাকে নিয়মিতভাবে আবার জাতীয় দলে ফেরানোর পরিকল্পনাই তাদের মূল লক্ষ্য, যাতে একটি সিরিজেই তার অধ্যায় শেষ না হয়।
এ বিষয়ে বিসিবি পরিচালক আসিফ আকবর গণমাধ্যমকে জানান, সাকিবের ফেরার বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা চলছে। তিনি বলেন,
“বোর্ড সভাপতি সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে যোগাযোগ রাখছেন। আমরা আশাবাদী, মার্চে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজেই সাকিব জাতীয় দলে ফিরতে পারবেন।”
সম্প্রতি বিডিক্রিকটাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান নিজেও জানান, ভালোভাবে একটি সিরিজ খেলে বিদায় নেওয়ার ইচ্ছা তার এখনো আছে। তিনি বলেন,
“আমি এখনো চাই, একটি সিরিজ খেলে সুন্দরভাবে অবসর নিতে। সেটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগবে।”
গত ২৪ জানুয়ারি অনুষ্ঠিত বিসিবির বোর্ড সভায় আনুষ্ঠানিকভাবে সাকিবকে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর বোর্ড পরিচালক আমজাদ হোসেন ও আসিফ আকবর নিশ্চিত করেন, এ বিষয়ে সরকারকে অবহিত করা হয়েছে।
তবে বিসিবির ভাবনা এখানেই শেষ নয়। বোর্ড চায় সাকিব যেন দীর্ঘ সময়ের জন্য আবার দলে থাকেন। আসিফ আকবর বলেন,
“আমরা চাই সাকিব পাকিস্তান সিরিজ দিয়ে আবার খেলুক। এরপর সে কতদিন খেলবে, সেটা তার নিজের সিদ্ধান্ত।”
সূচি অনুযায়ী, আগামী মার্চে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর মে মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আবারও বাংলাদেশ সফরে আসার কথা পাকিস্তান দলের।
সূত্র: বিডি ক্রিক টাইম

Leave a Reply