বড় শ্যালকের বউ বাড়িতে আনায় নিজের স্ত্রীকে তালাক যুবকের, অতঃপর…

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে তিন তালাক দেওয়ার পর দুই দিন না যেতেই আবার তাকে ঘরে তোলার ঘটনা ঘটেছে।

জানা গেছে, পেশায় কৃষক মো. ফরিদ মিয়া (৩৫) স্থানীয় ওয়ার্ড জামায়াতের প্রচার সম্পাদক। গত বৃহস্পতিবার তিনি বড় শ্যালকের জন্য মেয়ে দেখতে পাশের গ্রামে যান। এ সময় তার স্ত্রী তাছলিমা আক্তারসহ শ্বশুরবাড়ির লোকজনও সঙ্গে ছিলেন। মেয়ে পছন্দ হওয়ার পর বিয়ের দিন ধার্য করা হয়।

তবে অভিযোগ রয়েছে, ফরিদ মিয়ার সঙ্গে পরামর্শ না করেই এবং আনুষ্ঠানিকতা সম্পন্ন না করে তার সম্বন্ধী বিয়ের পর মেয়েকে বাড়িতে তুলে আনেন। বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হন ফরিদ।

পরে শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে নিজ বাড়িতে এনে প্রকাশ্যে তিন তালাক দেন তিনি। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পরিবার বিব্রতকর পরিস্থিতিতে পড়ে এবং স্বামী-স্ত্রী আলাদা থাকতে শুরু করেন।

তবে ঘটনার দুই দিন পর নিজের ভুল বুঝতে পারেন ফরিদ মিয়া। স্থানীয় এক হুজুরের কাছে গিয়ে তওবা করার মাধ্যমে তালাক প্রত্যাহার করেন এবং পুনরায় স্ত্রীকে সংসারে ফিরিয়ে নেন।

ফরিদ মিয়া তালাক দেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, রাগের মাথায় তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন। পরে বুঝতে পারেন, তা ঠিক হয়নি। হুজুরের পরামর্শে তওবা করে আবার সংসার শুরু করেছেন বলে জানান তিনি।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা বলছেন, পারিবারিক বিষয়ে ধৈর্য ও আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়াই উত্তম।


Posted

in

by

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *