‘বাংলাদেশের জনগণের খাদ্য জোগাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র’
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত Brent T. Christensen কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (২ মার্চ) সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
মন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু ও উন্নয়ন অংশীদার। দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক অত্যন্ত চমৎকার উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের কৃষিনির্ভর অর্থনীতিকে আরও গতিশীল করতে মার্কিন কৃষি প্রযুক্তি ও সহযোগিতাকে বাংলাদেশ স্বাগত জানায়।
রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন নবনিযুক্ত মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, তার দেশ বাংলাদেশের সঙ্গে কৃষিখাতে আমদানি-রপ্তানি বাণিজ্য আরও সুদৃঢ় করতে আগ্রহী। এ বিষয়ে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন মন্ত্রীও। সাক্ষাতে কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে U.S. Embassy Dhaka–এর ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাষ্ট্রদূত জানান, বাণিজ্যে ভারসাম্য বজায় রাখার পাশাপাশি যুক্তরাষ্ট্র বাংলাদেশকে তার জনগণের খাদ্য চাহিদা পূরণে সহায়তা করছে।
পোস্টে তিনি উল্লেখ করেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য—এই তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর সঙ্গে তার বৈঠক ফলপ্রসূ হয়েছে। যুক্তরাষ্ট্রের উচ্চমানের কৃষিপণ্য যেমন সয়াবিন, ভুট্টা, গম ও তুলা বাংলাদেশের প্রাণিসম্পদ, দুগ্ধ ও মৎস্য খাতের খামারি এবং বিভিন্ন মিল মালিকদের সহায়তা করছে বলেও জানান তিনি।