রোহিঙ্গাদের জন্য ১১.২ মিলিয়ন ডলার সহযোগিতা দিচ্ছে যুক্তরাজ্য ও কাতার
যুক্তরাজ্য এবং কাতার যৌথভাবে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১১.২ মিলিয়ন ডলার তহবিল ঘোষণা করেছে। রোববার ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানায়। কক্সবাজারে অবস্থানরত ৬ লাখ ৪৭ হাজারেরও বেশি রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় আশ্রয়দাতা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এই তহবিল ব্যবহার করা হবে।
নতুন এই সহায়তা দিয়ে শরণার্থী পরিবারগুলোকে এলপিজি সরবরাহ করা হবে, যাতে তাদের জ্বালানির চাহিদা নিরাপদভাবে পূরণ হয় এবং জ্বালানির জন্য কাঠ সংগ্রহের ওপর নির্ভরতা কমে। এর ফলে ক্যাম্প ও আশপাশের পরিবেশের ওপর যে চাপ তৈরি হয়, তা হ্রাস পাবে। একই সঙ্গে ক্যাম্পে বসবাসকারী মানুষদের স্বাস্থ্যঝুঁকি কমানো এবং নিরাপদ জ্বালানি ব্যবহারের সুযোগ বাড়ানোই এই উদ্যোগের লক্ষ্য।
যুক্তরাজ্য জানিয়েছে, মানবিক সহায়তা জোরদার করতে কাতারের সঙ্গে অংশীদার হতে পেরে তারা গর্বিত। যৌথ এই তহবিল রোহিঙ্গা শরণার্থীদের টেকসই ও স্বাস্থ্যকর জীবনযাপনে সহায়তা করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।