দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে যোগ দিতে নৌবাহিনীর ৯৯ সদস্যের প্রথম দল ঢাকা ত্যাগ
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ‘ইউনাইটেড নেশন্স মিশন ইন সাউথ সুদান (আনমিস)’–এ অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর ৯৯ সদস্যের প্রথম কন্টিনজেন্ট ঢাকা ত্যাগ করেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা দক্ষিণ সুদানের উদ্দেশে রওনা দেন। তারা ‘বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিট-১০’-এর প্রতিস্থাপক হিসেবে দায়িত্ব পালন করবেন।
আইএসপিআরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৯ ডিসেম্বর দ্বিতীয় গ্রুপে আরও ৩৯ জন নৌ-সদস্য এই শান্তিরক্ষা মিশনে যোগ দেবেন।
জাতিসংঘের নির্দেশনায় বাংলাদেশ নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট দীর্ঘদিন ধরে দক্ষিণ সুদানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। তারা সুদানের প্রত্যন্ত অঞ্চলে জ্বালানি, খাদ্য, ওষুধ ও মানবিক সহায়তাবাহী বার্জগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করছে। পাশাপাশি নৌপথে জলদস্যুতা নিয়ন্ত্রণ, অগ্নিনির্বাপণ সহায়তা, দুর্গম এলাকায় রসদ পরিবহন, বেসামরিক নাবিকদের নিরাপত্তা রক্ষা এবং দুর্ঘটনাকবলিত জাহাজ উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।
গত তিন দশকেরও বেশি সময় ধরে বিশ্বের বিভিন্ন সংঘাতপ্রবণ অঞ্চলে বাংলাদেশ নৌবাহিনী নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। আহত সামরিক–অসামরিক ব্যক্তিদের উদ্ধার, চিকিৎসা সেবা, ডুবুরি সহায়তা এবং টহল কার্যক্রমেও নৌবাহিনী উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।
দক্ষিণ সুদান ছাড়াও লেবাননের ভূমধ্যসাগরে উপমহাদেশের একমাত্র মেরিটাইম টাস্কফোর্সে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা সংগ্রাম’ বর্তমানে দায়িত্ব পালন করছে। নীল নদের ১,৩১১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ৭১টি লজিস্টিক অপারেশন সফলভাবে সম্পন্ন করার মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও উজ্জ্বল হয়েছে।