পি.এম.খালীর আলোচিত শরীফ হত্যা মামলার প্রধান আসামি আব্দুল করিম গ্রেফতার
কক্সবাজারের পি.এম.খালীর আলোচিত শরীফ হত্যাকাণ্ডের প্রধান আসামি আব্দুল করিমকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-১৫ ও র্যাব-৮ এর যৌথ অভিযান চালিয়ে পটুয়াখালী সদর থানার এলাকা থেকে তাকে আটক করা হয়।
গত ৩০ নভেম্বর ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে পিএমখালীর ছনখোলা এলাকায় মোহাম্মদ শরীফকে গুলি করে পালিয়ে যায় আব্দুল করিম। পরে গুরুতর আহত অবস্থায় শরীফকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ২ ডিসেম্বর নিহতের স্ত্রী বাদী হয়ে আব্দুল করিমকে প্রধান আসামি করে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেন।
গ্রেফতার হওয়া আব্দুল করিম (৩৫) পিএমখালীর ছনখোলা উত্তর নয়াপাড়ার আব্দু ছালামের ছেলে। তার বিরুদ্ধে সদর থানায় অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত করিমের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।