এনআইডি কার্যক্রম সম্পন্ন করলেন তারেক রহমান
ভোটার হওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে শহীদ ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত শেষে তিনি রাজধানীর নির্বাচন কমিশন ভবনে গিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের কার্যক্রম শেষ করেন।
নির্বাচন কমিশন ভবনে তারেক রহমান ভোটার নিবন্ধনের অংশ হিসেবে ফিঙ্গারপ্রিন্ট, চোখের আইরিশ স্ক্যান ও স্বাক্ষর প্রদান করেন। এর আগে তিনি ও তার কন্যা জায়মা রহমান অনলাইনে ভোটার হওয়ার আবেদন ফর্ম পূরণ করেন।
এ বিষয়ে এনআইডি অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এএসএম হুমায়ুন কবীর জানান, আবেদন সম্পন্ন হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যেই তারেক রহমানের এনআইডি প্রস্তুত করা হবে। তিনি বলেন, “৭ ঘণ্টার মধ্যেই এনআইডি দেওয়া সম্ভব হতে পারে। কোনো কারণে বিলম্ব হলে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় পরিচয়পত্র হস্তান্তর করা হবে।”
উল্লেখ্য, ২০০৭–২০০৮ সালে দেশে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা হয়। ওই সময় কারামুক্তির পর উন্নত চিকিৎসার জন্য তারেক রহমান লন্ডনে যান। পরবর্তীতে দীর্ঘদিন দেশে ফিরতে না পারায় তিনি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি। রাজনৈতিক পটপরিবর্তনের পর তার স্ত্রী ডা. জুবাইদা রহমান দেশে ফিরে ভোটার হিসেবে নিবন্ধন করেন। এর আগে বিএনপি চেয়ারপারসন ও তারেক রহমানের মা খালেদা জিয়া ২০০৮ সালের ২৯ নভেম্বর ক্যান্টনমেন্ট এলাকার ঠিকানায় ভোটার হন।
দীর্ঘ সময় পর দেশে ফিরে ভোটার হিসেবে নিবন্ধনের মাধ্যমে তারেক রহমানের রাজনৈতিক ও নাগরিক জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।