বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

ছবি; সংগৃহিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময় তারেক রহমানের পাশে উপস্থিত ছিলেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

বুধবার (৩১ ডিসেম্বর) সকালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এই সফরের অংশ হিসেবেই তিনি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বলে জানা গেছে।

এর আগে সকাল নয়টার কিছু আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার মরদেহ বাংলাদেশের পতাকায় মোড়ানো একটি গাড়িতে করে গুলশানে তারেক রহমানের বাসভবনে নেওয়া হয়। সেখানে পরিবারের সদস্য, স্বজন ও বিএনপির শীর্ষ নেতারা শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানান।

পরে গুলশান থেকে মরদেহটি মানিক মিয়া অ্যাভিনিউয়ের জাতীয় সংসদ ভবন এলাকায় নেওয়া হয়। খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে সেখানে জড়ো হন।

আজ বুধবার দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবন মাঠ ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে খালেদা জিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বিকেল সাড়ে তিনটার দিকে তাকে তার স্বামী, প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে জিয়া উদ্যানে দাফন করা হবে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই ভারতের কোনো মন্ত্রীর প্রথম ঢাকা সফর, যা রাজনৈতিক ও কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

ক্যাটাগরি