দেশের স্বার্থে একসঙ্গে কাজ করবে বিএনপি-জামায়াত: ডা. শফিকুর
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, প্রিয় বাংলাদেশের স্বার্থে অতীতেও আমরা একসঙ্গে কাজ করেছি, আগামীতেও ইনশাল্লাহ দেশের স্বার্থে আমরা একসঙ্গে কাজ করবো।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
কার্যালয়ে পৌঁছে প্রথমে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন জামায়াত আমির। এরপর তিনি কার্যালয়ের তৃতীয় তলায় গিয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে ডা. শফিকুর রহমান বলেন, কারাবন্দি অবস্থায় অসুস্থ হলে পরিবারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু সে সময় দেশের বাইরে নেওয়া তো হয়ইনি, বরং সরকারের পক্ষ থেকে বারবার উপহাস করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ সময় তিনি তারেক রহমানসহ খালেদা জিয়ার পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান।
সাক্ষাৎকালে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন এবং সাইফুল আলম খান মিলন।