দেশ থাকবে যতদিন, ততদিন বেগম জিয়ার অবদান স্মরণে থাকবে: সালাহউদ্দিন আহমদ
যতদিন বাংলাদেশ থাকবে, ততদিনই বেগম খালেদা জিয়ার অবদান এ দেশের মানুষ স্মরণ করবে—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হারানোর শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে এবং সেই শক্তি শুধু নির্বাচনী রাজনীতিতে নয়, বরং বাংলাদেশ ও জাতি পুনর্গঠনের কাজে কাজে লাগাতে হবে।
সোমবার কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর মিছবাহুল মাদরাসায় বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দোয়া মাহফিলটি সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজন করা হয়।
সালাহউদ্দিন আহমদ বলেন, বেগম খালেদা জিয়া সারাজীবন গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচারের জন্য লড়াই করে গেছেন। তিনি আন্দোলন করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, এমনকি ব্যক্তিগত জীবনে স্বামী ও সন্তান হারানোর মতো গভীর বেদনাও সহ্য করেছেন। তবুও তিনি কখনো আপস করেননি। এর বিনিময়ে তিনি পেয়েছেন এ দেশের মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা।
তিনি আরও বলেন, “আমরা যতদিন বেঁচে থাকব, ততদিন বেগম জিয়ার ত্যাগ ও সংগ্রাম মূল্যায়ন করব। দেশের নির্যাতিত ও নিপীড়িত মানুষের দোয়া তিনি পেয়েছেন বলেই সারাবিশ্বের ইতিহাসে অন্যতম বৃহৎ জানাজা তার ভাগ্যে জুটেছে। এতে প্রমাণ হয়, এ দেশের মানুষ তার ওপর কতটা আস্থা ও বিশ্বাস রাখতেন।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসনের বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শ ও সংগ্রামই আগামী দিনের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপির জন্য পথনির্দেশক হয়ে থাকবে।