পাবনার দুই আসনে ভোট স্থগিত হওয়ার খবর ঠিক নয়: ইসি
পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনের ভোট স্থগিত করা হয়েছে—এমন সংবাদকে ভুল ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস নোটে কমিশন স্পষ্ট করে জানায়, এ দুটি আসনের নির্বাচন স্থগিত রাখার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি ইসি। ইসিকে উদ্ধৃত করে যেসব সংবাদ প্রচার করা হচ্ছে, সেগুলো সঠিক নয় এবং এসব সংবাদ প্রত্যাহার বা প্রচার বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছে কমিশন।
এর আগে, গত ৫ জানুয়ারি পাবনা-১ ও পাবনা-২ আসনের আগের সীমানা পুনর্বহাল সংক্রান্ত নির্বাচন কমিশনের ২৪ ডিসেম্বর জারি করা সংশোধিত বিজ্ঞপ্তির একটি অংশ আপিল বিভাগ স্থগিত করেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইসি ও এক প্রার্থীর করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।
শুক্রবার সকালে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদের বরাতে কয়েকটি গণমাধ্যমে ভোট স্থগিতের খবর প্রকাশিত হলে বিষয়টি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়। পরে তিনি নিজেই ব্যাখ্যা দিয়ে বলেন, নির্বাচন স্থগিত হয়নি; বরং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত শুধু এই দুই আসনের নির্বাচনি কার্যক্রম আপাতত স্থগিত থাকবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এবং ভোট আয়োজনের বিষয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত পরিবর্তন হয়নি। কমিশনের পক্ষ থেকে সবাইকে বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।