১২ ঘণ্টায় ৯ বার ভূমিকম্পে কেঁপে উঠল ভারত
দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার ভোরে পাকিস্তানে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। অন্যদিকে ভারতের গুজরাট প্রদেশে মাত্র ১২ ঘণ্টার মধ্যে ছোট–বড় মিলিয়ে ৯টি ভূমিকম্পের খবর পাওয়া গেছে।
পাকিস্তানের আবহাওয়া বিভাগ (পিএমডি) জানায়, ভোরে তাজিকিস্তান–শিনজিয়াং সীমান্তবর্তী অঞ্চলে ভূপৃষ্ঠের ১৫৯ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, পাকিস্তানের পাশাপাশি তাজিকিস্তান, চীন ও আফগানিস্তানেও কম্পন অনুভূত হয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, রাজধানী ইসলামাবাদ ও খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় কম্পন টের পাওয়া যায়। তবে তাৎক্ষণিকভাবে কোথাও হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এদিকে ভারতের গুজরাট রাজ্যের রাজকোট জেলায় একাধিক ভূমিকম্পে আতঙ্ক ছড়ায়। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পর্যন্ত এসব কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে সবগুলো ভূমিকম্পই ‘মাইক্রো’ বা ‘মাইনর’ শ্রেণিভুক্ত ছিল। এতে কোনো প্রাণহানি বা সম্পদের ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভারতের আবহাওয়া বিভাগ জানায়, বৃহস্পতিবার রাত ৮টা ৪৩ মিনিটে প্রথম কম্পন রেকর্ড হয় এবং শুক্রবার সকাল ৮টা ৩৪ মিনিটে সর্বশেষ কম্পনটি ধরা পড়ে। সবগুলোর উৎপত্তিস্থল ছিল উপলেতা শহরের উত্তর-পশ্চিমে প্রায় ২৭ থেকে ৩০ কিলোমিটার দূরে।
সাধারণত গুজরাটের কচ্ছ অঞ্চল ভূমিকম্পপ্রবণ হিসেবে পরিচিত হলেও রাজকোট এলাকায় পরপর একাধিক কম্পনকে বিশেষজ্ঞরা ‘অস্বাভাবিক’ হিসেবে দেখছেন।
সূত্র: ডন ও ইন্ডিয়া টুডে