সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফ

টেকনাফে প্রায় ১৮ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল কোস্ট গার্ড

টেকনাফে যৌথ অভিযানে উদ্ধার করা প্রায় ১৮ কোটি টাকা মূল্যের বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার (১০ জানুয়ারি) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স নীতি’ বাস্তবায়নে বাংলাদেশ কোস্ট গার্ড বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় গত ১৭ মে ২০২৫ থেকে ১২ আগস্ট ২০২৫ পর্যন্ত কোস্ট গার্ড এককভাবে এবং র‍্যাবের সমন্বয়ে মোট চারটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

এসব অভিযানে মোট ১৮ কোটি ৮ লাখ টাকা মূল্যের ১ লাখ ৬১ হাজার পিস ইয়াবা, ৯৯০ গ্রাম ইয়াবা তৈরির পাউডার, ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

পরবর্তীতে কক্সবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের স্মারক নম্বর ৭২(২)১, তারিখ ৭ জানুয়ারি ২০২৬ অনুযায়ী বিসিজি স্টেশন টেকনাফে সংরক্ষিত এসব মাদক ধ্বংসের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশনা অনুযায়ী ১০ জানুয়ারি সকাল ১০টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কক্সবাজার-১, সদস্য সচিব বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মালখানা ইনচার্জ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের প্রতিনিধিদের উপস্থিতিতে মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এ সময় যৌথ অভিযানে অংশ নেওয়া র‍্যাব ও পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় ২৪ ঘণ্টা টহল কার্যক্রম চালু রেখেছে, যার ফলে এসব অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ক্যাটাগরি