টেকনাফে প্রায় ৪ কোটি টাকার ইয়াবাসহ ২ মাদক পাচারকারী আটক
টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযানে প্রায় ৪ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে টেকনাফের নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে কোস্ট গার্ডের একটি অভিযানিক দল প্রায় ৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ৭৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় দুইজন রোহিঙ্গা মাদক পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত ইয়াবা, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।