সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফ

টেকনাফ সীমান্তে চিংড়ি ঘেরের পাশে মিলল বোমা সদৃশ বস্তু

টেকনাফের সীমান্তবর্তী এলাকায় একটি চিংড়ি ঘেরের পাশে পড়ে থাকা বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল তেচ্ছিব্রিজ সংলগ্ন সীমান্ত এলাকার একটি চিংড়ি ঘেরে বস্তুটি দেখতে পান স্থানীয় বাসিন্দা নবী হোসেন। প্রথমে তিনি এটিকে একটি পাওয়ার ব্যাংক মনে করলেও পরে ভালোভাবে লক্ষ্য করে দেখেন, এতে তার ও কেবল সংযুক্ত রয়েছে, যা দেখে সন্দেহ হয় এটি বিস্ফোরক হতে পারে।

পরবর্তীতে নিরাপত্তার স্বার্থে নবী হোসেন বস্তুটি চিংড়ি ঘের এলাকা থেকে সরিয়ে তেচ্ছিব্রিজ এলাকার আবছার কবিরের বাড়ির পাশের একটি খোলা স্থানে রাখেন এবং বিষয়টি স্থানীয়দের জানালে আবছার কবির হোয়াইক্যং পুলিশ ফাঁড়িকে অবহিত করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বেলাল হোসাইন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা সদৃশ বস্তুটি জব্দ করে বিকেলের দিকে ফাঁড়িতে নিয়ে আসে। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।

তিনি আরও জানান, বস্তুটি প্রকৃতপক্ষে বোমা বা বিস্ফোরক কি না, তা নির্ধারণের জন্য সংশ্লিষ্ট বোম্ব ডিসপোজাল ইউনিট বা বিশেষজ্ঞ দলের সহায়তা চাওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে বিস্তারিত জানা যাবে।

সাম্প্রতিক সময়ে টেকনাফ সীমান্ত এলাকায় গোলাগুলি, স্থলমাইন বিস্ফোরণ ও মানবপাচার সংশ্লিষ্ট সহিংস ঘটনার প্রেক্ষাপটে এ ধরনের বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত বস্তুটির প্রকৃতি নিশ্চিত করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

ক্যাটাগরি