হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল
কুমিল্লা-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র ঋণ খেলাপির অভিযোগে বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট-২ অডিটোরিয়ামে অনুষ্ঠিত শুনানি শেষে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
এ বিষয়ে নির্বাচন কমিশন সূত্র জানায়, প্রার্থীর ঋণ খেলাপি সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই করে কমিশন সন্তুষ্ট হওয়ায় তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, কুমিল্লা-৪ আসনে ১০ দলীয় নির্বাচনী জোটের প্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আলোচিত নেতা হাসনাত আব্দুল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে তিনি নির্বাচন কমিশনে আপিল করে দাবি করেন, মঞ্জুরুল আহসান মুন্সী ঋণ খেলাপি হওয়ায় তার মনোনয়ন বাতিল হওয়া উচিত।
অন্যদিকে, পাল্টা পদক্ষেপ হিসেবে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীও হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধতা নিয়ে নির্বাচন কমিশনে আপিল করেন। তবে শেষ পর্যন্ত ইসি বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল করে এবং হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বহাল রাখে।
এ সিদ্ধান্তের ফলে কুমিল্লা-৪ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।