সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি

কৌশলের নামে বিএনপি গুপ্ত বেশ ধারণ করেনি: তারেক রহমান

বিএনপিকে অপপ্রচার কিংবা ষড়যন্ত্র করে দমিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যে দলের কর্মীরা অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে আপসহীন ভূমিকা রাখতে পারে, সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে দমন করা যাবে না।”

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভার আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’।

তারেক রহমান বলেন, গুম ও খুনের শিকার ব্যক্তিদের দায় রাষ্ট্র কখনোই এড়াতে পারে না। বিএনপি ক্ষমতায় এলে গুম ও খুনের শিকার শহীদদের নামে সড়কের নামকরণ করা হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।

তিনি আরও বলেন, “ফ্যাসিবাদী আমলের নির্যাতনের শিকার আমার সামনে বসা হাজারো প্রিয় মুখ, আপনাদের আত্মত্যাগ ও বুকভরা কষ্ট—আমরা যারা আজ পেছনে রয়ে গিয়েছি, আমরা আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করব যেন এই ত্যাগ বৃথা না যায়, ইনশাআল্লাহ।”

বিএনপি চেয়ারম্যান বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা গুম হয়েছেন ও যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি ভবিষ্যতের গণতান্ত্রিক রাষ্ট্র ও সরকারের অনেক দায় ও দায়িত্ব রয়েছে। “রাষ্ট্র কখনোই আপনাদের ভুলে যেতে পারে না,” বলেন তিনি।

তিনি আরও বলেন, আগামী দিনের বাংলাদেশ হবে ন্যায়বিচারভিত্তিক, যেখানে অতীতের অন্যায়-অত্যাচারের বিচার হবে এবং ভুক্তভোগী পরিবারগুলোর মর্যাদা ও অধিকার নিশ্চিত করা হবে।

মতবিনিময় সভায় গুম ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। আয়োজক সংগঠনগুলোর নেতারা জানান, ভুক্তভোগী পরিবারগুলোর ন্যায়বিচার নিশ্চিত করতে তারা আন্দোলন অব্যাহত রাখবেন।

অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, মানবাধিকারকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

ক্যাটাগরি