বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনে ইসলামি ফ্রন্ট প্রার্থী গিয়াস উদ্দিন আত তাহেরিকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে হবিগঞ্জ-৪ আসনের বাংলাদেশ ইসলামি ফ্রন্টের সংসদ সদস্য প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মো. গিয়াস উদ্দিন আত তাহেরিকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন।

এর আগে গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মো. রবিউল হাসান স্বাক্ষরিত নোটিশে গিয়াস উদ্দিন তাহেরির বিরুদ্ধে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়।

নোটিশে উল্লেখ করা হয়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫ অনুযায়ী ভোটগ্রহণের নির্ধারিত দিনের অন্তত তিন সপ্তাহ আগে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালানো নিষিদ্ধ। অথচ গিয়াস উদ্দিন তাহেরির ‘The Speech’ নামের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে (যার অনুসারী প্রায় ৭ লাখ ৭০ হাজার) নির্বাচনী প্রচারণামূলক ভিডিও প্রচার করা হয়েছে, যা আচরণবিধির লঙ্ঘন।

এ কারণে কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না—সে বিষয়ে আগামী ২০ জানুয়ারি নির্ধারিত স্থানে স্বশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

একই অভিযোগে হবিগঞ্জ-৪ আসনের বিএনপির প্রার্থী সৈয়দ ফয়সলকেও শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি। তাকেও আগামী ২০ জানুয়ারি স্বশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শাতে বলা হয়েছে।

নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না পেলে সংশ্লিষ্ট আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ক্যাটাগরি