সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্ন্তজাতিক

পাকিস্তানে ৬ মাত্রার ভূমিকম্প, বহু বাড়ি ধস!

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ গিলগিট-বালতিস্তানে শক্তিশালী ভূমিকম্পে বেশ কয়েকটি কাঁচা মাটির ঘর ধসে পড়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাহাড় ধসের ফলে গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগও ব্যাহত হয়েছে। স্থানীয় একজন কর্মকর্তা ও ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

ইএমএসসি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার (২১ দশমিক ৭৫ মাইল) গভীরে।

আঞ্চলিক তথ্যমন্ত্রী গোলাম আব্বাস বলেন, ভূমিকম্পের পর পাহাড় থেকে বড় বড় পাথর গড়িয়ে পড়ে বেশ কয়েকটি সংযোগ সড়ক এবং একটি প্রধান মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং স্থানীয় জনগণের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়।

তিনি আরও জানান, সড়ক দিয়ে চলাচলের সময় একটি পাথরের আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনও সংগ্রহ করা হচ্ছে।

মন্ত্রী বলেন, সড়ক যোগাযোগ দ্রুত স্বাভাবিক করতে সরকারি সংস্থাগুলো ইতোমধ্যে ভারী যন্ত্রপাতি মোতায়েন করেছে এবং ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়েছে।

এদিকে ভূমিকম্পের পরপরই স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপত্তার জন্য খোলা জায়গায় আশ্রয় নেন। তবে বড় ধরনের প্রাণহানির কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে বিভিন্ন এলাকায় জরিপ চালানো হচ্ছে এবং প্রয়োজন হলে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে।

সূত্র: রয়টার্স

ক্যাটাগরি