বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা পেলেন ফুটবল প্রতীক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা ফুটবল প্রতীক বরাদ্দ পেয়েছেন।

বুধবার সকালে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ পান। এ সময় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী ডা. তাসনিম জারার হাতে প্রতীক বরাদ্দের চিঠি তুলে দেন।

জানা গেছে, ফুটবল প্রতীকই চেয়েছিলেন ডা. তাসনিম জারা। ঢাকা-৯ আসনে তিনি একমাত্র স্বতন্ত্র প্রার্থী। এ আসনে আরও ১১ জন প্রার্থী বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রতীক বরাদ্দ পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ডা. তাসনিম জারা বলেন, গত কয়েকদিন ধরে তিনি ঢাকা–৯ আসনের খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা এলাকার বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেছেন। এ সময় অনেকেই জানতে চেয়েছেন, তাকে সমর্থন করতে চাইলে ব্যালট পেপারে কোন প্রতীকে ভোট দিতে হবে। প্রতীক বরাদ্দের মাধ্যমে আজ সেই প্রশ্নের স্পষ্ট উত্তর মিলেছে।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণা শুরু হবে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানুষের প্রতি দায়বদ্ধতার রাজনীতিই তার প্রচারণার মূল বার্তা হবে।

এ সময় তিনি ঢাকা–৯ আসনের ভোটারদের কাছে দোয়া ও শুভকামনা কামনা করেন এবং সবাইকে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি সচেতন ও দায়িত্বশীল সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

ক্যাটাগরি