সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

চট্টগ্রামে ৩ বছরের শিশুকে আছাড় দিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামের মিরসরাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে তিন বছরের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম নূর আবদুল্লাহ। সে একই এলাকার নুরুল আলমের ছেলে। ঘটনার পর পুলিশ তিনজনকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।

নিহত শিশুর পরিবারের সদস্যদের অভিযোগ, প্রতিবেশী দ্বীন ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বাড়ির পাশের জমিতে ঘর নির্মাণকে কেন্দ্র করেই মূলত বিরোধের সূত্রপাত। এ বিষয়ে আদালতে মামলা হলে ঘর নির্মাণে নিষেধাজ্ঞা দেন আদালত।

শিশুটির বাবা নুরুল আলম জানান, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বেলা ১১টার দিকে দ্বীন ইসলাম ও তাঁর ভাই আরিফুল ইসলাম ঘর নির্মাণ শুরু করেন। এ সময় তাঁর মা বাধা দিলে কথা–কাটাকাটির একপর্যায়ে দ্বীন ইসলাম লাঠি দিয়ে আঘাত করলে শিশুটি গুরুতর আহত হয়। পরে তাকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দুপুরে তার মৃত্যু হয়।

ঘটনার পর থেকে অভিযুক্ত দ্বীন ইসলাম ও তাঁর ভাই পলাতক রয়েছেন বলে জানিয়েছে পরিবার। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, জমি বিরোধকে কেন্দ্র করে শিশু হত্যার ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ক্যাটাগরি