বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি

ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবার পাবে ফ্যামিলি কার্ড: তরুণদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান

মেডিকেল শিক্ষার্থীসহ সিলেটের বিভিন্ন স্তরের শতাধিক তরুণ প্রজন্মের সঙ্গে মতবিনিময়ের সময় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তিনি চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন এবং বাধ্য হয়েই টানা ১৭ বছর বিদেশে থাকতে হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভার আগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ‘দ্য প্ল্যান, ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক এই আয়োজনে তরুণদের নানা প্রশ্ন ও মতামত শোনেন তিনি এবং দেশের ভবিষ্যৎ নিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন।

তরুণদের উদ্দেশে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রায় ৪ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে এবং এই কার্ড পরিবারের প্রধান নারী সদস্যের নামে ইস্যু করা হবে। এ কার্ডের মাধ্যমে মাসিক ভিত্তিতে দুই থেকে আড়াই হাজার টাকা আর্থিক সহায়তার পাশাপাশি খাদ্যসামগ্রীও দেওয়া হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বহুমাত্রিক দক্ষতা উন্নয়নের জন্য কারিগরি শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন করা হবে। পাশাপাশি বিভিন্ন দেশের ভাষা শিক্ষায় গুরুত্ব দেওয়া হবে, যাতে তরুণরা আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতামূলক হতে পারে।

মতবিনিময় সভায় অংশ নেওয়া তরুণরা সবাই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী বলে জানানো হয়। অনুষ্ঠান শেষে তারেক রহমান আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনি জনসভায় যোগ দেন।

এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ স্থানীয় নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকের পক্ষে বক্তব্য দেন। এর আগে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জনসভাস্থলে উপস্থিত হতে থাকেন।

ক্যাটাগরি