পাকিস্তানের বিরুদ্ধে ৪৬০ কোটি টাকার মামলা হতে পারে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নিজেদের অবস্থান এখনো স্পষ্ট করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। জানা গেছে, শুক্রবার থেকে সোমবারের মধ্যে তারা নিশ্চিত করবে বিশ্বকাপে অংশ নেবে কি না।
টেলিকম এশিয়া স্পোর্ট-এর প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের সঙ্গে ভারতের ম্যাচ নির্ধারিত আছে ১৫ ফেব্রুয়ারি। তার আগে গ্রুপপর্বে পাকিস্তান খেলবে নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে। প্রতিবেদনে বলা হয়, এই দুটি ম্যাচে জয় পেলে আগা সালমানের নেতৃত্বাধীন পাকিস্তান দল ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার কথা ভাবতে পারে। গ্রুপে তাদের শেষ ম্যাচ নামিবিয়ার সঙ্গে। সে ক্ষেত্রে প্রথম দুটি ম্যাচ জিতলে ভারত ম্যাচ না খেলেও গ্রুপপর্ব পার হওয়া তাদের জন্য তুলনামূলক সহজ হতে পারে।
গণমাধ্যমটির এক সূত্রের বরাতে বলা হয়েছে, ‘পাকিস্তান যদি প্রথম দুটি ম্যাচে জেতে, তাহলে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সম্ভাবনা শক্তিশালী হবে।’
তবে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করলে পাকিস্তানকে প্রায় ৪৬০ কোটি টাকার আইনি মামলার মুখোমুখি হতে হতে পারে।
এদিকে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের জিও স্টার স্পোর্টসের সঙ্গে আইসিসির প্রায় ৩০০ কোটি ডলারের সম্প্রচার চুক্তি রয়েছে, যা ২০২৭ সালের শেষ পর্যন্ত কার্যকর থাকবে। এই চুক্তির আওতায় আইসিসির সদস্য দেশগুলোর মধ্যে রাজস্ব ভাগ-বাঁটোয়ারা হয়। পাকিস্তান যদি ভারত ম্যাচ বয়কট করে, তাহলে সম্প্রচারকারী প্রতিষ্ঠান ক্ষতিপূরণ আদায়ে আদালতের দ্বারস্থ হতে পারে এবং সে ক্ষেত্রে আইসিসি পিসিবিকে নোটিশ পাঠাতে পারে। এর প্রভাব শেষ পর্যন্ত সব ক্রিকেট বোর্ডের রাজস্ব বণ্টনের ওপরও পড়তে পারে।