সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি

রাজশাহীতে তারেক রহমান, মাদ্রাসা ময়দানের জনসভায় জনস্রোত

দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে পা রাখলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট রাজশাহীর শাহমখদুম বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর থেকে তিনি হযরত শাহমখদুম (র.) দরগা শরিফে যাবেন। এরপর রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন। এ উপলক্ষে সকাল থেকেই মাদ্রাসা মাঠে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ঢল নেমেছে। মাঠের অর্ধেক ইতোমধ্যে পূর্ণ হয়ে গেছে এবং আশপাশের এলাকাতেও বিপুলসংখ্যক মানুষ অবস্থান করছেন। শহরের বিভিন্ন প্রান্ত থেকে জনস্রোত মাঠের দিকে এগিয়ে যাচ্ছে।

জনসভার মঞ্চে সকাল থেকেই বক্তব্য দিচ্ছেন বিএনপির স্থানীয় নেতারা এবং রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের সংসদীয় ১৩টি আসনের ধানের শীষের প্রার্থীরা। জনসভার মাধ্যমে তারেক রহমান রাজশাহীর উন্নয়নের রূপরেখা তুলে ধরবেন বলে প্রত্যাশা করছেন উপস্থিত জনতা। অনেকের প্রত্যাশা সন্ত্রাসমুক্ত দেশ, আবার কেউ চান সাধারণ মানুষের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত হোক।

রাজশাহীর জনসভা শেষে বিকেল সাড়ে ৩টায় তারেক রহমান নওগাঁর উদ্দেশে রওনা হবেন। সন্ধ্যায় নওগাঁর এটিএম মাঠে জনসভায় বক্তব্য দেবেন, যেখানে জয়পুরহাটের নেতাকর্মীরাও অংশ নেবেন। এরপর তিনি বগুড়ায় যাবেন এবং রাত ৮টার দিকে বগুড়ার আলতাফুন্নেসা মাঠে আরও একটি জনসভায় যোগ দেবেন, যেখানে পাবনা ও সিরাজগঞ্জের নেতাকর্মীরা অংশ নেবেন।

উল্লেখ্য, ২০০৪ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে রাজশাহীতে এসেছিলেন তারেক রহমান। এরপর দলীয় প্রধান হিসেবে এটিই তার প্রথম রাজশাহী সফর। এই সফরকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। জনসভাগুলো থেকে তিনি এ অঞ্চলের মানুষের জন্য নিজের রাজনৈতিক ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরবেন এবং নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চাইবেন।

ক্যাটাগরি