সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি

‘বিএনপি’ গরীব ও অসহায় মানুষের পক্ষের দল -লুৎফুর রহমান কাজল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার–৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও ধানের শীষ প্রতীকের সমর্থনে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টায় খুরুশকুল ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এই পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

পথসভায় লুৎফুর রহমান কাজল বলেন, “বিএনপি হলো দেশের গরিব, মেহনতি ও অসহায় মানুষের পক্ষের রাজনৈতিক দল।” তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই বিএনপি সাধারণ মানুষের অধিকার, ভোটাধিকার ও ন্যায্য দাবির পক্ষে রাজপথে আন্দোলন করে আসছে।

তিনি আরও বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে জনগণ বিএনপির দিকেই তাকিয়ে আছে। মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপির আন্দোলন চলমান ছিল এবং আগামীতেও থাকবে। এ জন্য তিনি স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীককে বিজয়ী করার আহ্বান জানান।

এর আগে সকালে লুৎফুর রহমান কাজল বিশাল গাড়িবহর নিয়ে খুরুশকুল ইউনিয়নের বিভিন্ন অলি-গলি ও পাড়া-মহল্লায় নির্বাচনী গণসংযোগ করেন। গণসংযোগ ও পথসভায় খুরুশকুল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নাছির উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খুরুশকুলের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে পথসভায় যোগ দিলে পুরো আয়োজনটি জনসভায় রূপ নেয়।

ক্যাটাগরি