শনিবার, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

বৈধ প্রার্থী মারা যাওয়ায় আরপিও অনুযায়ী শেরপুর ৩ আসনের নির্বাচন স্থগিত

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জামায়াতে ইসলামীর বৈধ প্রার্থী নুরুজ্জামান বাদল ইন্তেকাল করায় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ওই আসনের সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭(১) অনুযায়ী—মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোট গ্রহণের আগে কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করলে সংশ্লিষ্ট আসনের নির্বাচন স্থগিত করতে হয়। এ ক্ষেত্রে মৃত ব্যক্তিকে অবশ্যই নির্বাচন কমিশন কর্তৃক ‘বৈধ প্রার্থী’ হিসেবে স্বীকৃত হতে হবে।

আইন অনুযায়ী, প্রার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই আসনের নির্বাচনী কার্যক্রম বাতিলের ঘোষণা দেবেন। পরবর্তীতে নির্বাচন কমিশন নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা করবে।

তবে আরপিওতে কিছু ব্যতিক্রমের কথাও বলা আছে। যদি কোনো প্রার্থী বৈধ প্রার্থী হিসেবে চূড়ান্ত হওয়ার আগেই মৃত্যুবরণ করেন অথবা একই আসনে ওই দলের বিকল্প কোনো বৈধ প্রার্থী বিদ্যমান থাকে, তাহলে নির্বাচন স্থগিত করার প্রয়োজন পড়ে না।

উল্লেখ্য, মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে শ্রীবরদী উপজেলা হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি ঘটে। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

পরিবার ও স্থানীয় জামায়াত নেতাকর্মীরা জানান, নুরুজ্জামান বাদল দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে শেরপুর পৌর ঈদগাহ মাঠে এবং বিকেল ৫টায় শ্রীবরদী সরকারি কলেজ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ক্যাটাগরি