নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির
সামাজিক যোগাযোগমাধ্যমে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত হওয়ার বিষয়ে ছড়ানো অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন স্থগিত হওয়ার গুজব ছড়াচ্ছে।
বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন স্পষ্ট করে জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) পূর্বনির্ধারিত তারিখেই শেরপুর-৩ আসন ব্যতীত দেশের ২৯৯টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
এ অবস্থায় নির্বাচন ও গণভোট স্থগিত সংক্রান্ত যেকোনো ধরনের অপপ্রচার বা গুজবে কান না দেওয়ার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেশবাসীর প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।