ভোট উপলক্ষে মোটরসাইকেল চলাচল বন্ধ কখন থেকে?
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারা দেশে টানা তিন দিন মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ১০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা দেশের কোথাও মোটরসাইকেল চলাচল করতে পারবে না। এ সময় নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও জোরদার থাকবে।
তবে জরুরি প্রয়োজন ও নির্বাচনসংশ্লিষ্ট কাজে এই নিষেধাজ্ঞায় কিছু শিথিলতা রাখা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, নির্বাচন কাজে নিয়োজিত যানবাহন এবং জরুরি সেবাদানকারী সংস্থাগুলো নির্দিষ্ট অনুমতির মাধ্যমে চলাচল করতে পারবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে নির্বাচন উপলক্ষে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করে ২ ফেব্রুয়ারি একটি প্রজ্ঞাপন জারি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, ভোটের দিন ১২ ফেব্রুয়ারি ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা কার্যকর হবে ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ করে মোটরসাইকেল ব্যবহার করে সহিংসতা বা বিশৃঙ্খলার আশঙ্কা কমাতেই আগেভাগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই ভোটের আগে বাইক ব্যবহারকারীদের বিকল্প যাতায়াতের ব্যবস্থা করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে ভোটারদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে ১২ ফেব্রুয়ারি মেট্রোরেল স্বাভাবিক সময়সূচিতেই চলবে, বরং ট্রেনের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নিরাপত্তার কারণে ভোটকেন্দ্রসংলগ্ন কিছু স্টেশনের নির্দিষ্ট গেট বন্ধ রাখা হলেও অন্যান্য গেট খোলা থাকবে। নির্বাচনকালীন সময় ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে ডিএমটিসিএলের সব ধরনের ছুটিও বাতিল করা হয়েছে।