বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি

কর্মীর মৃত্যুতে বিজয় মিছিল স্থগিত করলেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নবনির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানার কর্মী মো. আকবরের মৃত্যুতে পূর্বনির্ধারিত বিজয় মিছিল ও আনন্দ র‌্যালি স্থগিত করা হয়েছে। কর্মীর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে রুমিন ফারহানার ব্যক্তিগত সহকারী মো. জাকির হোসেন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

তিনি জানান, সরাইল উপজেলা জুড়ে বিজয় উদযাপন উপলক্ষে রাত থেকেই মিছিল ও আনন্দ র‌্যালির প্রস্তুতি চলছিল। হঠাৎ আকবরের ইন্তেকালের খবর ছড়িয়ে পড়লে নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। এ প্রেক্ষিতে আনন্দঘন সব কর্মসূচি বাতিল করে শোক পালনের ঘোষণা দেন রুমিন ফারহানা।

এক জরুরি ঘোষণায় জানানো হয়, ‘আমাদের প্রিয় নেতা আকবরের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে পূর্বনির্ধারিত বিজয় মিছিল ও আনন্দ র‌্যালি স্থগিত করা হলো। এই শোকের মুহূর্তে আমরা আনন্দ নয়, শোক ও দোয়ার মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি সম্মান জানাতে চাই।’

নেতাকর্মীরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। নতুন কর্মসূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

ক্যাটাগরি