মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

খেলাধুলা

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

নারী এশিয়া কাপ রাইজিং স্টারসের সেমিফাইনালে পাকিস্তানকে রীতিমতো উড়িয়ে দিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। লো-স্কোরিং ম্যাচে পাকিস্তান নারী দলকে ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। ফাইনালে তারা মুখোমুখি হবে ভারত নারী ক্রিকেট দল–এর।

মাত্র ১১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। ওপেনার ইমান নাসেরকে বোল্ড করে শুরুটা এনে দেন ফারিয়া তৃষ্ণা। পরের ওভারেই আরেক ওপেনার শাওয়াল জুলফিকারকে ফেরান দলনেতা ফাহিমা খাতুন। এরপর হুরাইনা সাজিদকে সাজঘরে ফেরান সানজিদা আক্তার মেঘলা।

শুরুতেই টপ অর্ডার ভেঙে পড়ায় আর ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তান। মাঝখানে ইউসরা আমির ও দলনেতা হাফসা খালিদ প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে পাকিস্তানের ইনিংস থামে মাত্র ৫৬ রানে। দলের হয়ে সর্বোচ্চ ১২ রান করেন হাফসা খালিদ, আর ১১ রান আসে ইউসরা আমিরের ব্যাট থেকে।

বাংলাদেশের হয়ে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখান সানজিদা আক্তার মেঘলা। তিনি একাই নেন তিনটি উইকেট। এছাড়া দুটি উইকেট শিকার করেন ফাহিমা খাতুন এবং বাকি উইকেটগুলো ভাগাভাগি করে নেন অন্য বোলাররা।

ব্যাংককে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ওপেনিং জুটিতে আসে ১৯ রান। ১৩ রান করেন শামীমা সুলতানা, ১২ রান আসে ইসমা তানজিমের ব্যাট থেকে। দ্বিতীয় উইকেটে নেমে ১৫ রান করেন শারমিন সুলতানা।

তবে একপ্রান্ত আগলে রেখে অধিনায়ক ফাহিমা খাতুন খেলেন দায়িত্বশীল ইনিংস। মাত্র ৩২ বলে অপরাজিত ৪০ রান করে দলের সংগ্রহকে তিন অঙ্কে নিয়ে যান তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ১১০ রান সংগ্রহ করে বাংলাদেশ, যা পরবর্তীতে পাকিস্তানের জন্য হয়ে ওঠে পাহাড়সম লক্ষ্য।

এ জয়ে শিরোপা জয়ের স্বপ্ন আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশের মেয়েদের। এখন ফাইনালে ভারতের বিপক্ষে লড়াইয়ে চোখ থাকবে ট্রফি জয়ের দিকে।

ক্যাটাগরি