সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

ডিএমপির কমিশনার সাজ্জাত আলী পদত্যাগপত্র জমা দিয়েছেন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীফাইল ছবি

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পদত্যাগপত্র জমা দিয়েছেন। ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মো. তালেবুর রহমান বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে কমিশনারের পদ থেকে অব্যাহতির জন্য পুলিশ সদর দপ্তরে আবেদন পাঠিয়েছেন সাজ্জাত আলী।

পুলিশ সদর দপ্তরের আরেক সূত্র জানায়, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে অব্যাহতিপত্রে স্বাক্ষর করে তা সদর দপ্তরে পাঠানো হয়।

এর আগে বুধবার সকালে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছিল, কমিশনার অমর একুশে বইমেলা প্রাঙ্গণ পরিদর্শন করবেন এবং গণমাধ্যমকে ব্রিফ করবেন। তবে পরে তার পরিবর্তে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এম নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন। এ বিষয়ে বক্তব্যের জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাজ্জাত আলীর সাড়া মেলেনি।

অবসর থেকে ফিরিয়ে এনে ২০২৪ সালের নভেম্বরে চুক্তিভিত্তিক নিয়োগে তাকে ডিএমপি কমিশনার করা হয়েছিল। আগামী ২১ নভেম্বর তার মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই তিনি পদত্যাগ করলেন।

উল্লেখ্য, এর একদিন আগে অতিরিক্ত আইজিপি পদমর্যাদার কর্মকর্তা মো. আলী হোসেন ফকির-কে নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দেয় সরকার।

সাজ্জাত আলী ১৯৮৪ সালে ৬ষ্ঠ বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

ক্যাটাগরি