বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও বৃদ্ধি
দুর্বল মার্কিন ডলার ও নিরাপদ বিনিয়োগের চাহিদি বৃদ্ধির প্রভাবে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের শুল্কনীতি সংক্রান্ত অনিশ্চয়তা এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার উদ্বেগ বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদে ঝুঁকতে প্রভাবিত করছে। গ্রিনিচ মান সময় ৬টা ৩৯ পর্যন্ত স্পট গোল্ডের দাম ০.৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫,১৯৫.৯৯ ডলারে পৌঁছেছে। তবে এপ্রিল ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচার ০.২ শতাংশ কমে ৫,২১৩.৫০ ডলারে লেনদেন হয়েছে।
ওসিবিসির কৌশলবিদ ক্রিস্টোফার ওয়ং বলেন, নতুন শুল্কনীতি, ভূরাজনৈতিক উদ্বেগ এবং দুর্বল ডলারের কারণে বাজারে দামের পুনর্মূল্যায়ন চলছে। তিনি আরও বলেন, ভূরাজনৈতিক পরিস্থিতি, ডলারের ওঠানামা, শুল্ক সংক্রান্ত চমক এবং ফেডের নীতিগত অনিশ্চয়তার কারণে আপাতত দুইমুখী প্রবণতা থাকতে পারে।
চিপ নির্মাতা কোম্পানি এনভিডিয়া প্রত্যাশার চেয়ে ভালো আয় প্রকাশ করলেও, আমদানি পণ্যে নতুন মার্কিন শুল্কের বিস্তারিত ঘোষণার জন্য বাজার সতর্ক রয়েছে। দুর্বল ডলার অন্যান্য মুদ্রাধারীদের জন্য ডলার-নির্ধারিত স্বর্ণকে তুলনামূলক সস্তা করে তোলে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার জানিয়েছেন, নতুন আরোপিত ১০ শতাংশ শুল্কের পরিবর্তে কিছু দেশের ক্ষেত্রে হার ১৫ শতাংশ বা তার বেশি হতে পারে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, বাজারের ধারণা, চলতি বছরে ফেডারেল রিজার্ভ তিন দফায় ২৫ বেসিস পয়েন্ট করে সুদহার কমাতে পারে। বিনিয়োগকারীরা সাপ্তাহিক বেকারত্ব ভাতার আবেদনসংক্রান্ত তথ্যের মাধ্যমে ফেডের ভবিষ্যৎ নীতিপথ সম্পর্কে ইঙ্গিত পাওয়ার অপেক্ষায় রয়েছেন।
এদিকে, জেনেভাতে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ইরান ও যুক্তরাষ্ট্রের নতুন দফা আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দীর্ঘদিনের পারমাণবিক বিরোধ নিরসন এবং মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা এড়াতে এই বৈঠক গুরুত্বপূর্ণ।
অন্যদিকে, ডয়েচে ব্যাংক জানিয়েছে, সোনার তুলনায় রুপা ও অন্যান্য হোয়াইট মেটালের দরবৃদ্ধি পুনরায় গতি পেয়েছে। ব্যাংকটি পূর্বাভাস দিয়েছে, বছরের শেষে প্রতি আউন্স রুপার দাম ১০০ ডলারে পৌঁছাতে পারে।
একই সময়ে, স্পট সিলভারের দাম ০.১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৮৯.৪৮ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনাম ০.৮ শতাংশ বেড়ে ২,৩০৫.২০ ডলারে লেনদেন হয়েছে। প্যালাডিয়ামের দাম ০.১ শতাংশ কমে ১,৭৯৩.৮৪ ডলারে লেনদেন হয়েছে। আগের সেশনে সিলভার, প্লাটিনাম ও প্যালাডিয়াম তিনটি ধাতুই তিন সপ্তাহের সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল।