মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান। এ সময় তিনি বলেন, বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে এবং সেই প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী বলেন, “কর্মকর্তা-কর্মচারীরাও সরকারের অংশ। সরকার তখনই ভালো করবে, যখন আপনারা সরকারকে সহযোগিতা করবেন।” তিনি আরও বলেন, “আমরা এই দেশকে আমাদের প্রথম ও শেষ ঠিকানা বলে মনে করি। তাই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্যও আমাদেরকেই কাজ করতে হবে।”
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর নির্বাচনী মেনিফেস্টো বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী স্বাস্থ্য, শিক্ষা, নারী শিক্ষা, কর্মসংস্থান, ক্রীড়া উন্নয়নসহ মেনিফেস্টোতে উল্লিখিত সব এজেন্ডা বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এমন পরিবেশ গড়ে তুলতে হবে যাতে নাগরিকরা নিজেদের নিরাপদ মনে করেন। “আমরা সবাই যদি একসঙ্গে কাজ করি, তাহলে নিশ্চয়ই এই লক্ষ্য অর্জন করতে পারবো,”-যোগ করেন প্রধানমন্ত্রী।
দুর্নীতি দমনের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তারেক রহমান বলেন, দেশ থেকে দুর্নীতি দূর করতে কর্মকর্তা-কর্মচারীদের পূর্ণ সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে দেশ ও রাষ্ট্রের স্বার্থে গোপনীয়তা রক্ষা এবং সরকারি নিয়ম-নীতি কঠোরভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। জাতিকে একটি সুশৃঙ্খল অবস্থানে নিয়ে যেতে প্রজাতন্ত্রের কর্মচারীদের পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী।
সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মির্জা আব্বাস, মো. ইসমাইল জবিউল্লাহ, রাশেদ আল মাহমুদ তিতুমীর, হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদ উর রহমান ও মাহ্দী আমিন।
এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাগত বক্তব্য দেন। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গঠন ও কার্যাবলি বিষয়ে উপস্থাপনা করেন কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী।
মতবিনিময় সভাটি ছিল সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।