জাতীয়

মোংলা বন্দরে এলো যুক্তরাষ্ট্রের ৫৮ হাজার টন গম

মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পঞ্চম চালানের ৫৮ হাজার ৫০০ টন গম খালাস শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল থেকে মার্শাল আইল্যান্ড পতাকাবাহী ‘এমভি ক্যালাপসো এন’ জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষা শেষে খালাস কার্যক্রম শুরু হয়। এর আগে বুধবার (১১ মার্চ) জাহাজটি বন্দরের ফেয়ারওয়ে বয়ায় নোঙর করে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ‘সেভেন সিস’-এর ব্যবস্থাপক আবুল হাসেম শামিম জানান, গত ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের কালামা বন্দর থেকে জাহাজটি মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে। ১১ মার্চ ফেয়ারওয়ে বয়ায় নোঙর করার পর গমের নমুনা পরীক্ষা শেষে বৃহস্পতিবার সকাল থেকে খালাস কার্যক্রম শুরু হয়।

মোংলা খাদ্য অফিসের সহকারী খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সোবহান সরদার জানান, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে জি-টু-জি চুক্তির আওতায় এ গম আমদানি করা হচ্ছে। এর আওতায় মোংলা বন্দরে মোট ৪ লাখ ৫০ হাজার টন গম আমদানি করা হবে। এরই মধ্যে পঞ্চম চালান হিসেবে গম নিয়ে জাহাজটি বন্দরে এসেছে।

তিনি বলেন, এর আগে গত বছরের ২ নভেম্বর প্রথম চালানে ২২ হাজার ৭৮০ টন, ১৪ নভেম্বর দ্বিতীয় চালানে ৬০ হাজার ৮৭৫ টন, চলতি বছরের ৫ জানুয়ারি তৃতীয় চালানে ২২ হাজার ৭৫৬ টন এবং ১ ফেব্রুয়ারি চতুর্থ চালানে ৫৬ হাজার টন গম আমদানি করা হয়।

এসব গম প্রথমে সরকারি খাদ্য গুদাম মোংলা সাইলোতে মজুদ করা হচ্ছে। পরে সেখান থেকে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে। উল্লেখ্য, বাণিজ্য ঘাটতি কমাতে গত বছর জুলাইয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সরকারের একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়, যার মেয়াদ পাঁচ বছর।

ক্যাটাগরি