কাউন্সিলর একরাম হত্যা: হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন
টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
রোববার ট্রাইব্যুনালে এ অভিযোগ জমা দেওয়া হয়। প্রসিকিউশনের উপস্থাপিত অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এবং র্যাবের ছয়জন সাবেক কর্মকর্তাকেও আসামি করা হয়েছে।
ট্রাইব্যুনাল প্রাথমিকভাবে অভিযোগের পক্ষে পর্যাপ্ত ভিত্তি রয়েছে বলে মনে করে তা আমলে নিয়েছেন।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালের ২৬ মে কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে মাদকবিরোধী অভিযানের নামে র্যাবের কথিত ‘বন্দুকযুদ্ধে’ একরামুল হক নিহত হন। ওই ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিচার চাওয়া হয়েছে।
এদিকে, পৃথক আরেকটি মামলায় ২০২৪ সালের ১৮ জুলাই সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শেখ আসহাবুল ইয়ামিন হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামসহ ১৯ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগও গ্রহণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
প্রসিকিউশনের দাবি, ভিডিও ফুটেজে দেখা গেছে গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে পুলিশ সদস্যরা একটি সাঁজোয়া যান (এপিসি) থেকে নিচে ফেলে রাস্তায় টেনে-হিঁচড়ে নিয়ে যান এবং পরে রোড ডিভাইডারের ওপর ফেলে রেখে চলে যান।