ছেলেকে হারানোর শোকে আধা ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু
নাটোরের বাগাতিপাড়ায় স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে মাত্র আধঘণ্টার ব্যবধানে মারা গেছেন স্ত্রীও। বৃহস্পতিবার বিকেলে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের বাটিকামারী গ্রামে ঘটে এই হৃদয়স্পর্শী ঘটনা।
মৃতরা হলেন হায়দার আলী (৭০) ও তার স্ত্রী রহিমা বেগম (৬৫)। একই দিন রাত সাড়ে ৯টায় বাটিকামারী সামাজিক কবরস্থানে পাশাপাশি তাদের দাফন করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে নিজ মুদি দোকানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হায়দার আলী। স্থানীয়দের সহায়তায় দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা দিলেও পথেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। কিছুক্ষণ পর তিনি মারা যান।
স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে এলে স্ত্রী রহিমা বেগম স্বামীর নিথর দেহ দেখে ভেঙে পড়েন। গভীর শোকে তিনি মূর্ছা যান এবং প্রায় আধঘণ্টা পর তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হায়দার আলীর শ্যালক মাওলানা আশরাফুল আলম জানান, প্রায় তিন বছর আগে স্ট্রোকে মারা যান দম্পতির একমাত্র ছেলে জুয়েল। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ছেলের মৃত্যুর পর থেকেই বৃদ্ধ দম্পতি গভীর মানসিক কষ্টে দিন কাটাচ্ছিলেন।
তিনি আরও জানান, হায়দার আলী দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। সংসারের একমাত্র আয়ের উৎস ছিল তার মুদি দোকান, যেখানে পুত্রবধূ তাকে সহযোগিতা করতেন। শেষ পর্যন্ত স্বামীর মৃত্যুর শোক সহ্য করতে না পেরে রহিমা বেগমও মৃত্যুবরণ করেন।
একই দিনে দম্পতির মৃত্যু এবং পাশাপাশি দাফনের ঘটনায় বাটিকামারী গ্রামে নেমে এসেছে গভীর শোক।