খেলাধুলা

‘আমি যেতে চাই না, এই মাঠ ছাড়তে চাই না’

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে দুই দশকেরও বেশি সময়ের পথচলা শেষে আবেগঘন বিদায় নিয়েছেন লিওনেল মেসি। বিদায়ী বক্তব্যে তিনি স্মরণ করেছেন বাবাকে, সতীর্থদের, সমর্থকদের এবং জাতীয় দলের হয়ে কাটানো দীর্ঘ সময়ের স্মৃতি। জানিয়েছেন, আর্জেন্টিনার জার্সিতে খেলার চেয়ে সুন্দর কোনো অভিজ্ঞতা একজন ফুটবলারের জীবনে হতে পারে না।

মেসি বলেন, ২০ বছরের বেশি সময় এই জার্সি পরতে পারা তাঁর জন্য ছিল বিরাট সম্মানের। কঠিন সময়ের মধ্য দিয়েও দল কখনো লড়াই থামায়নি এবং সতীর্থরা এই জার্সির জন্য নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছেন।

বিদায়ী মুহূর্তের কষ্টের কথা বলতে গিয়ে মেসি বলেন, সারা জীবন তিনি আর্জেন্টিনা জাতীয় দলে ফিরে আসতে চাইবেন। কিন্তু মনে হচ্ছে, বিদায় বলার এটাই সঠিক সময়। তাঁর কাছে জাতীয় দলের হয়ে খেলার চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না।

মেসির কাছে শেষ বিশ্বকাপও ছিল বিশেষ কিছু। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে তারা লড়াই করেছিলেন। কঠিন ম্যাচ ও শারীরিক-মানসিক ক্লান্তির মধ্যেও দল শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেছে। সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেসি বলেন, তাঁর পাশে যারা খেলেছেন, প্রত্যেকেই জাতীয় দলের জার্সির জন্য নিজেদের সবটুকু দিয়েছেন।

জাতীয় দলের হয়ে বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমা জয়ের স্বপ্ন পূরণে সতীর্থদের অবদানের কথাও স্মরণ করেন তিনি। মাঠ ও মাঠের বাইরে তাদের সঙ্গে কাটানো সময়কে নিজের জন্য বিশাল সম্মানের বলে উল্লেখ করেন।

সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন মেসি। পুরো দেশ ঘুরে জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, আর্জেন্টিনা যেখানেই খেলেছে, স্টেডিয়াম ছিল পূর্ণ। সমর্থকদের ভালোবাসায় বিদেশের মাঠও অনেক সময় নিজেদের মাঠের মতো মনে হয়েছে।

বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনায় ফিরে একই মাঠে খেলার স্মৃতিকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে আনন্দের মুহূর্তগুলোর একটি হিসেবে উল্লেখ করেন মেসি। সেই দিনের ভিডিও এখনো দেখেন এবং আবেগাপ্লুত হন বলেও জানান তিনি।

তবে বিদায়ের দিনটিকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে কষ্টের দিনগুলোর একটি হিসেবে বর্ণনা করেন মেসি। জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামাকে ভীষণ মিস করবেন জানিয়ে তিনি বলেন, এখন থেকে তিনি মাঠের বাইরে থেকে দলের পাশে থাকবেন এবং নতুন প্রজন্মের খেলোয়াড়দের জন্য গলা ফাটাবেন।

সমর্থকদের উদ্দেশে মেসি বলেন, কঠিন সময় এলে তাদের আরও বেশি করে দলের পাশে থাকতে হবে। তাঁর মতে, বড় লক্ষ্য অর্জনের জন্য শক্তিশালী ও ঐক্যবদ্ধ দল প্রয়োজন। কঠিন সময়ই একটি দলের ভিত ও পারস্পরিক বন্ধন কতটা শক্ত, তা প্রকাশ করে।

সবশেষে আবেগাপ্লুত মেসি বলেন, তিনি যেতে চান না, এই মাঠ ছেড়ে যেতে চান না। আর্জেন্টাইন সমর্থকদের ভালোবাসার কথা জানিয়ে তিনি বলেন, তাঁদের ভীষণ মিস করবেন। ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানিয়ে মেসি বলেন, তিনি একজন আর্জেন্টাইন—এটাই তাঁর সবচেয়ে বড় গর্ব।

ক্যাটাগরি