সারা দেশ

সোনারগাঁয়ে যুবদল নেতা হত্যা মামলার আসামি কক্সবাজারে গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুবদল নেতা জহির ফকিরকে কুপিয়ে হত্যার মামলার এজাহারনামীয় তিন নম্বর আসামি কবির হোসেনকে (৬০) কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টার দিকে কক্সবাজারের কলাতলী বিচ এলাকায় যৌথ অভিযান চালিয়ে র‌্যাব-১১ ও র‌্যাব-১৫-এর সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার কবির হোসেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খালিয়ারচর এলাকার মৃত মোমতাজ উদ্দিনের ছেলে।

র‌্যাব জানায়, গত ২১ অক্টোবর রাত ১০টার দিকে সোনারগাঁয়ের চর কিশোরগঞ্জ এলাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন জহির ফকির (৪৫)। তিনি আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

র‌্যাবের ভাষ্য অনুযায়ী, ঘটনার রাতে চর কিশোরগঞ্জে নিজের ফার্মেসি বন্ধ করে বাড়ি ফেরার পথে ওত পেতে থাকা সশস্ত্র দুর্বৃত্তরা জহির ফকিরকে ঘিরে ধরে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে সড়কে ফেলে রেখে পালিয়ে যায় তারা। পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় সোনারগাঁ থানায় হত্যা মামলা করা হয়। হত্যাকাণ্ডের পর মামলার আসামিরা গ্রেপ্তার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান বলে জানায় র‌্যাব।

র‌্যাব-১১-এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান জানান, হত্যাকাণ্ডের পর থেকেই আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় কবির হোসেনের অবস্থান শনাক্তের পর সোমবার সকালে র‌্যাব-১১ ও র‌্যাব-১৫-এর যৌথ অভিযানে তাকে কলাতলী বিচ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার কবির হোসেনকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

ক্যাটাগরি