স্থানীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: মীর শাহে আলম
সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বুধবার (২৮ অক্টোবর) বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বনানী বিদ্যানিকেতন স্কুলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন যেভাবে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে, একই ধারাবাহিকতায় আগামী জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।
ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করছে না উল্লেখ করে তিনি বলেন, একইভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলোও শান্তিপূর্ণভাবে আয়োজন করা হবে। বিএনপি সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে চায় না বলেও মন্তব্য করেন তিনি।