নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১ কোটি ১০ লাখ টাকার ইয়াবা উদ্ধার
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে ৩৬ হাজার ৮০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১০ লাখ ৪০ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার (৩০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ঘুমধুম সীমান্তের আমবাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীন ঘুমধুম বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার-৩২ থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমবাগান এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৩৬ হাজার ৮০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি অভিযানের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে সীমান্তে নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
বিজিবি জানায়, উদ্ধার করা ইয়াবার বিষয়ে থানায় মামলা দায়ের এবং সেগুলো পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন ৩৪ বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করে আসছে। সীমান্ত এলাকায় অবৈধ কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।