কক্সবাজার জেলার তদারকির দায়িত্ব পেলেন মন্ত্রী সাচিং প্রু জেরী
কক্সবাজার জেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসন নিশ্চিত করতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরীকে সরকারি তত্ত্বাবধায়ক ও সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, কক্সবাজারের দায়িত্বপ্রাপ্ত সাচিং প্রু জেরী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, চোরাচালান ও মাদকদ্রব্যের অপব্যবহার রোধ এবং স্থানীয় সরকারের উন্নয়নমূলক কার্যক্রম তদারকি করবেন।
এ ছাড়া সরকারের উন্নয়ন এজেন্ডা বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি, দুর্নীতি দমন, সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণমূলক কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে তিনি প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেবেন।
প্রজ্ঞাপনে বলা হয়, টেকসই উন্নয়ন, দুর্নীতি দমন, সুশাসন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পর্যায়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের এ দায়িত্ব দেওয়া হয়েছে।
একই প্রজ্ঞাপনে কক্সবাজারসহ দেশের অন্যান্য জেলার জন্যও মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করা হয়েছে।