বিএনপি নেতার বসতঘরে দুর্বৃত্তদের আগুন, শিশুর মর্মান্তিক মৃত্যু
লক্ষ্মীপুরে দরজায় তালা লাগিয়ে একটি বসতঘরের চারপাশে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় আয়েশা আক্তার (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন ঘরের মালিক ব্যবসায়ী ও বিএনপি নেতা বেলাল হোসেন এবং তার দুই মেয়ে বিথি আক্তার ও স্মৃতি আক্তার।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সূতারগোপ্তা এলাকায় এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
নিহত শিশুর বাবা বেলাল হোসেন ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এবং সূতারগোপ্তা বাজারের একজন সার ও কীটনাশক ব্যবসায়ী। তার বাড়ি বাজারের পশ্চিম পাশে অবস্থিত।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, রাতে বেলাল হোসেন স্ত্রী ও সন্তানদের নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা বাইরে থেকে ঘরের দরজায় তালা লাগিয়ে চারপাশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ঘরে আটকা পড়ে শিশু আয়েশা। অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আগুনে মারাত্মকভাবে দগ্ধ হন বেলাল হোসেন ও তার দুই মেয়ে।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হওয়ায় বিথি ও স্মৃতিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের শরীরের অধিকাংশ অংশ পুড়ে গেছে এবং অবস্থা আশঙ্কাজনক। বেলাল হোসেন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় এক শিশুর মরদেহ এবং দগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়। অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করা হচ্ছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিদগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে এবং আরও তিনজন আহত হয়েছেন। এটি পরিকল্পিত নাশকতা কি না, তা গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।