আনোয়ারায় সড়কের পাশে ফেলে যাওয়া দুই শিশুর একজনের মৃত্যু
চট্টগ্রামের আনোয়ারায় সড়কের পাশে মায়ের ফেলে যাওয়া দুই শিশুর মধ্যে ছোট শিশু মোর্শেদ (১৪ মাস) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সোমবার (৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার জানান, শিশুটির মরদেহ তার দাদির কাছে হস্তান্তর করা হচ্ছে এবং খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার লেমুয়া ইউনিয়নের নিজ গ্রামে দাফনের জন্য নিয়ে যাওয়া হবে। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, মোর্শেদ জন্মগতভাবে প্রতিবন্ধী ছিল এবং চর্মরোগসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিল।
এর আগে গত ৩০ ডিসেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় মোর্শেদকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে সার্বক্ষণিক চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
অপরদিকে, মোর্শেদের চার বছর বয়সী বোন আয়েশা বর্তমানে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। সে চট্টগ্রাম জেলা প্রশাসন ও আনোয়ারা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে আছে।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর রাতে চট্টগ্রামের পিএবি সড়কের পাশ থেকে অভিভাবকহীন অবস্থায় দুই শিশুকে উদ্ধার করেন স্থানীয় এক সিএনজিচালক। পরে মানবিক বিবেচনায় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন শিশু দুটির দায়িত্ব গ্রহণ করে। এ ঘটনায় ৩১ ডিসেম্বর রাতে শিশু দুটির বাবা খোরশেদ আলম আনোয়ারা থানায় খোঁজ নিতে এলে আদালতের নির্দেশে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে পুলিশ বাদী হয়ে মা-বাবার বিরুদ্ধে অরক্ষিত অবস্থায় শিশু পরিত্যাগ ও নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করে। বর্তমানে শিশুদের বাবা কারাগারে রয়েছেন।
শিশুদের পরিবারের বাড়ি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার মহামনি এলাকায় বলে জানা গেছে।