১৮ মাস পর ইউনূস সেন্টারে ফিরলেন মুহাম্মদ ইউনূস
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন শেষে ১৮ মাস পর নিজের পুরনো কর্মস্থল ইউনূস সেন্টারে ফিরেছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী মুহাম্মদ ইউনূস।
ইউনূস সেন্টারের এক ফেসবুক পোস্টে জানানো হয়, রোববার সকালে রাজধানীর মিরপুরে টেলিকম ভবনে অবস্থিত Yunus Centre–এ পৌঁছালে দীর্ঘদিনের সহকর্মীরা তাকে স্বাগত জানান।
পরে তিনি গ্রামীণ সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টারাও উপস্থিত ছিলেন। দায়িত্ব পালনকালীন সময়ের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।
২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার অর্জনকারী ইউনূস চলতি মাসের শেষ দিকে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছেন বলেও সেন্টারের পক্ষ থেকে জানানো হয়।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট তার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রায় ১৮ মাস দায়িত্ব পালনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে সেই অধ্যায়ের সমাপ্তি ঘটে।
সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম