বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

গণভোটের সংশোধিত গেজেট প্রকাশ, বাদ দেওয়া হলো ১০ লাখ ‘হ্যা’ ভোট

উৎসবমুখর পরিবেশে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারের জন্য আয়োজন করা গণভোটের ফলাফলে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশিত অতিরিক্ত গেজেটের মাধ্যমে জানায়, আগের হিসাব থেকে প্রায় ১০ লাখ ‘হ্যাঁ’ ভোট বাদ দেওয়া হয়েছে।

সংশোধিত গেজেটে উল্লেখ করা হয়েছে, প্রথম গেজেটে ‘হ্যাঁ’ ভোটের সংখ্যা ছিল ৪ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৯৮০টি। এবার ৯ লাখ ৭৪ হাজার ৬৮০টি ভোট বাদ দেওয়ার পর বর্তমান হিসাব দাঁড়িয়েছে ৪ কোটি ৬২ লাখ ৫১ হাজার ৩০০টি। অন্যদিকে ‘না’ ভোটের সংখ্যা কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ২৩১টিতে।

সংশোধিত গেজেট অনুযায়ী, সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৬৬ লাখ ২১ হাজার ৪০৭টি। এর মধ্যে বাতিল হয়েছে ৭৪ লাখ ৩৫ হাজার ১৯৬টি ভোট। বাতিল ভোট বাদ দিয়ে মোট বৈধ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ২১১টি। তুলনায় আগের হিসাব অনুযায়ী বৈধ ভোট ছিল ৭ কোটি ২ লাখ ৭২ হাজার ৩৮৬টি। অর্থাৎ বৈধ ভোটের সংখ্যা কমেছে ১০ লাখ ৮৬ হাজার ১৭৫টি।

ফলাফলের বিশ্লেষণে দেখা গেছে, ‘হ্যাঁ’ ভোটের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে—প্রায় ৯ লাখ ৭৪ হাজার ভোট। ‘না’ ভোট কমেছে ১ লাখ ১১ হাজার ৪৯৫টি। অন্যদিকে, বাতিল ভোটের সংখ্যা বেড়েছে ১২ হাজার ৫৫৯টি। সার্বিকভাবে মোট প্রদত্ত ভোটের সংখ্যা আগের তুলনায় ১০ লাখ ৭৩ হাজার ৬১৬টি কমেছে।

নির্বাচন কমিশন সংশোধিত গেজেট প্রকাশের ক্ষেত্রে বিস্তারিত কারণ জানাননি। তবে কমিশন জানিয়েছে, আদেশক্রমে এই সংশোধনী প্রকাশ করা হয়েছে। গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদের সাংবিধানিক বৈধতা ও জনসম্মতি চূড়ান্ত করার প্রক্রিয়া সম্পন্ন হবে।

এর আগে ১৩ ফেব্রুয়ারি কমিশন প্রথম ফলাফল ঘোষণা করে জানায়, বিপুল সংখ্যাগরে ভোটার ‘হ্যা’ ভোটে সরকারের সংস্কার উদ্যোগকে সমর্থন জানিয়েছে। সংশোধিত গেজেট প্রকাশের পর এই সংখ্যা কমলেও, সরকার ও কমিশন সবকিছু নিয়মমাফিক সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।

গণভোট ও সংসদ নির্বাচনের ফলাফলে এই পরিবর্তন রাজনৈতিক মহলে নতুন আলোচনা ও বিশ্লেষণ শুরু করেছে। সংশোধিত ফলাফল দেশের সংবিধান ও ভোটের প্রক্রিয়ায় গণতান্ত্রিক স্বচ্ছতার দিক থেকে নজরদারি বাড়াবে বলে মনে করা হচ্ছে।

ক্যাটাগরি