রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

সেনাবাহিনীর ৬ উচ্চ পদে রদবদল, কোন দায়িত্বে কে

বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষস্থানীয় পদগুলোতে রদবদলের চার দিনের মাথায় আরও ছয়টি গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার সেনাসদর থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে গত রোববারও একদফা বড় ধরনের রদবদল করা হয়েছিল।

প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্র জানায়, National Defence College (এনডিসি)-এর কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এতদিন এনডিসির কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অন্যদিকে, ২০২৪ সালের অক্টোবর থেকে কিউএমজির দায়িত্বে থাকা লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমানকে এনডিসির নতুন কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে। এই রদবদলের মাধ্যমে সেনাবাহিনীর প্রশাসনিক ও লজিস্টিক ব্যবস্থাপনায় নতুন সমন্বয় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এছাড়া Military Institute of Science and Technology (এমআইএসটি)-এর কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। সেনাবাহিনীতে কর্মরত কর্মকর্তাদের এ ধরনের প্রেষণ সাধারণত কৌশলগত ও কূটনৈতিক সমন্বয়ের অংশ হিসেবে বিবেচিত হয়।

১৯ পদাতিক ডিভিশনের দায়িত্বে থাকা মেজর জেনারেল মোহাম্মদ হোসেন আল মোরশেদকে সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল (এজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অপরদিকে, এতদিন এজি হিসেবে দায়িত্ব পালন করা মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামানকে এমআইএসটির কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে লজিস্টিক এরিয়ার জিওসি হিসেবে বদলি করা হয়েছে।

সেনাবাহিনীর উচ্চপর্যায়ের এসব রদবদলকে নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা হলেও, সাম্প্রতিক ধারাবাহিক পরিবর্তন সেনাবাহিনীর কৌশলগত ও সাংগঠনিক কাঠামোয় নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

ক্যাটাগরি