জাতীয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা কারাগারে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহের ৭ নেতাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রোববার রাতে জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাদের।

তারা হলেন- ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইদুর রহমান, সদস্য সচিব আশিকুর রহমান জীবন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাশদীদ হাসান, যুগ্ম আহ্বায়ক এজাজ হোসেন অন্তর, দ্য রেড জুলাইয়ের আহ্বায়ক আবু হাসনাত তানাঈম, কেন্দ্রীয় যুব শক্তির সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ন কবির ও রাসেল হুসাইন।

সোমবার (৯ মার্চ) দুপুরে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে সবাইকে জেলা কারাগারে পাঠানো হয়।

গ্রেফতারকৃত নেতারা প্রিজনভ্যানে ওঠার সময় চিৎকার করে তাদের বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করেছেন। তারা জানান ঘটনার সময় সদর থানার ওসির কক্ষে ছিলেন তারা। পরিকল্পিতভাবে অপরাজনীতির শিকারে পরিণত করা হচ্ছে তাদের। নিরব হত্যার ঘটনার মোড় ঘুরিয়ে দিতে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে এমন দাবি তাদের।

জানা যায়, ৭ মার্চ শহরের তাজ ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে পাম্প কর্মচারীদের পিটুনিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য ফারদিন আহম্মেদ নিরব নিহত হন। এর জের ধরে গভীর রাতে জেলা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং গভীর রাতে বাসে অগ্নিসংযোগ ও তেল পাম্পে ভাঙচুরের ঘটনা ঘটে।

সদর থানার ওসি সামসুল আরেফিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহের ৭ নেতা গ্রেফতারের বিষয়ে জানান, অগ্নিসংযোগ ও তেল পাম্প ভাঙচুরের ঘটনায় সদর থানায় পৃথক দুটি মামলা হয়েছে। মামলা দুইটিতে কারো নাম না থাকলেও তথ্য প্রযুক্তি ব্যবহার করে সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হওয়ার পরে গ্রেফতার করা করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকে।

তিনি আরও জানান, সোমবার দুপুরে আদালতে হাজির করা হয়। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ক্যাটাগরি